মকরসংক্রান্তি মানেই কুয়াশা আচ্ছন্ন শীতের সকাল আর ঘরে ঘরে মা ঠাকুমাদের পিঠেপুলি তৈরি করার তোড়জোড়| এবছর হঠাৎই উবে যাওয়া শীত বাধ্য হয়ে যেনো আবার ফিরে এসেছে পৌষ-পরব এর আমেজ নিয়ে| রোদ ওঠেনি আজ সকাল থেকে, দেরি করে লেপ ছেড়ে চায়ে চুমুক দিতে দিতে হঠাৎই সুযোগ আসে সংক্রান্তির পৌষ মেলা দেখার| বাঁকুড়া জেলার জয়পুর থেকে 30 কিমি দূরে বনদেবী 'বাঁকাশিনী'র পুজো হয় বনের মধ্যেই একটি ছোট্ট মন্দিরে| স্মরনাতীত কাল থেকেই পৌষ সংক্রান্তিতে মেলা বসে সেই প্রাঙ্গনে| স্থানীয়দের কাছে খুব জনপ্রিয় এই মেলা বসে শুধুমাত্র একটি বেলার জন্যেই| বাহারি রঙের চাদর,মাফলার,হনুমান টুপি পরে বিকিকিনি তে মেতে ওঠে গ্রামবাংলার সহজ সরল মানুষেরা| গরম জিলিপি বা মুচমুচে পাঁপড় খেতে খেতে হাসিমুখে ছুটে বেড়ায় কচিকাচারা| গ্রামের মহিলারা ভক্তিভরে পুজো দিতে ভোলে না 'বাঁকাশিনী' র মন্দিরে| বড়রা মেতে ওঠে এই এলাকায় জনপ্রিয় 'ঝান্ডি খেলায়'|
মেলা ঘুরতে ঘুরতে বুঝতে পারি, আমাদের প্রচলিত সংস্কৃতি র ধারক ও বাহক এই গ্রামবাংলার সরল মানুষদের বেঁচে থাকার রসদ সঞ্চিত থাকে তাদের সযত্নে পালন করা এই পরব-পার্বনগুলিতেই, যেখানে প্রতিদিন জীবনসংগ্রামের কঠিন মুহূর্তগুলো ভুলে থাকে তারা, সেখানে Corona নামক অতিমারীর অতীবদুশ্চিন্তা স্পর্শ করতে পারেনা এদের মিলন উৎসবকে|
Comments
Post a Comment